
আমেরিকায় প্রাক্তন প্রেমিকাকে খুন করে দেশ ছাড়ার অভিযোগে অবশেষে গ্রেফতার হয়েছে এক ভারতীয় যুবক। দীর্ঘ আন্তর্জাতিক তল্লাশির শেষে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত অর্জুন শর্মাকে।
নিহত তরুণী তেলুগুভাষী নিকিতা গোধিশালা।জানা গেছে আমেরিকার মেরিল্যান্ডে বসবাসকারী ২৭ বছরের ডেটা অ্যানালিস্ট নিকিতা গোধিশালা ২ জানুয়ারি নিখোঁজ বলে অভিযোগ দায়ের হয়। অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক অর্জুন শর্মাই। তিনি পুলিশকে জানান, নতুন বছরের আগের রাতে নিকিতাকে শেষবার দেখেছিলেন তিনি। কিন্তু সেই অভিযোগের দিনই আমেরিকা ছেড়ে ভারতে চলে যান অর্জুন, এতেই সন্দেহ দানা বাঁধে তদন্তকারীদের। পরের দিন, ৩ জানুয়ারি, পুলিশের তল্লাশি অভিযানে মেরিল্যান্ডের কলম্বিয়ায় অর্জুনের ভাড়া করা ফ্ল্যাট থেকে নিকিতার দেহ উদ্ধার হয়। পুলিশ জানায়, একাধিক ছুরিকাঘাতে খুন করা হয়েছে তরুণীকে। ঘটনাটি খুন হিসেবে নথিভুক্ত করে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয় অর্জুনের বিরুদ্ধে।
খুনের নেপথ্যের কারণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। অর্জুন দেশ ছাড়ার পর মার্কিন ফেডারেল এজেন্সিগুলি ভারতীয় তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে। একাধিক সূত্র মারফত তাঁর অবস্থান চিহ্নিত করে ইন্টারপোলের সহায়তায় তামিলনাড়ু থেকে তাঁকে গ্রেফতার করা হয়। খুব শীঘ্রই প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গিয়েছে।









