
বছর খানেক ধরেই বলিউডের পর্দায় গরহাজির গোবিন্দা। ২০১৯ সালে শেষবার রঙ্গিলা রাজা ছবিতে দেখা যায় তাঁকে। সেই সিনেমা যদিও বক্স অফিসে সাফল্যে মুখ দেখেনি,তবে পর্দায় গোবিন্দাকে এখনও দর্শক-অনুরাগীরা মিস করেন।
দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও কেন হিন্দি সিনেমায় আর দেখা যায় না তাঁকে? সম্প্রতি শক্তিমান মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে এপ্রসঙ্গে মুখ খোলেন হিরো নং ১ গোবিন্দা। সেখানেই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা।গোবিন্দা বলেছেন,একটা সময়ে লাগাতার তাঁকে মানহানির মুখে পড়তে হয়েছে। আর সেটা পূর্ব পরিকল্পিতই ছিল। তাঁকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তখন বুঝেছিলেন যে, ইন্ডাস্ট্রির এক অশিক্ষিত বহিরাগত হয়ে বলিউডের শিক্ষিত লোকদের বলয়ে ঢুকে পড়েছেন। তাই ওঁরা গোবিন্দাকে নিয়ে খেলছে।এখন প্রশ্ন হলো,বলিপাড়ার চিচি’র নিশানায় কে? যে অভিনেতা একসময়ে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। যাঁর সাবলীল অভিনয়, নাচের স্টাইল থেকে সংলাপ বলার ধরন, অনুরাগীদের কাছে বহুল প্রশংসিত। আজও। সেই হিরো নং ১-এর বিরুদ্ধে যড়যন্ত্র করল কারা? গোবিন্দার মন্তব্য, তিনি ওদের নাম বলতে পারবেন না।কারণ তিনি এখনও এই ইন্ডাস্ট্রির অংশ। এবং লড়ে যাচ্ছেন।সেই সাক্ষাৎকারেই গোবিন্দা জানিয়েছেন, এমনও দিন গিয়েছে যখন ১০০ কোটি বিগ বাজেটের সিনেমার প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন। শুধুমাত্র চিত্রনাট্য পড়ে একাত্ম হতে পারেনননি বলে। গোবিন্দার কথায়, তাঁর কাজ না পাওয়া নিয়ে যখন সমালোচনা চলছে, সেইসময়েও তিনি একশো কোটি অঙ্কের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ছিলেন।
যার ফলে আয়নার নিজের মুখ দেখে চড় মারতেও ইচ্ছে হয়েছিল। নিজেই নিজেকে বলেছিলেন, তুমি পাগল হয়ে গিয়েছ। মোটা অঙ্কের প্রস্তাব না ফিরিয়ে লুফে নিতে পারতে। সেরকম চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেগুলো এখন দর্শকরা বেশ পছন্দ করছেন।









