
ফাইনালে ওঠার পথে একটিও সেট না হারা কার্লোস আলকারাস চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের মঞ্চে এসে নিজেকে যেন হারিয়ে ফেললেন। অসাধারণ পারফরম্যান্সে শৈশবের বন্ধুকে হতবাক করে দিয়ে বার্সেলোনা ওপেনের ট্রফি জিতলেন হোলগা রুন।ফাইনালে প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয়। এটিপি র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এবং এখানে সেরা বাছাই আলকারাসের চোখে চোখ রেখে লড়াই করে এগিয়ে যান রুন।
পরের সেটে অবশ্য তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।৭-৬ (৮-৬), ৬-২ গেমের জয়ে চ্যাম্পিয়ন হন ২১ বছর বয়সী ডেনিশ খেলোয়াড় রুন।দু’ বছরের মধ্যে প্রথম কোনো এটিপি ট্যুর ট্রফি জিতলেন রুন, আর ২০২২ সালের প্যারিস মাস্টার্সের পর প্রথম বড় ট্রফি।
অসুস্থতার কারণে গত সপ্তাহে মন্টে কার্লো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো রুন চ্যাম্পিয়ন হওয়ার পর বলেছেন, রোলা গারোঁর অলিম্পিক ফাইনালে আলকারাসের বিপক্ষে নোভাক জোকোভিচের জয় থেকে প্রেরণা পেয়েছেন তিনি।









