
চন্দ্রকোণায় গাড়িতে হামলার ঘটনায় এ বার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ বিষয়ে মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হতে পারে উচ্চ আদালতে। শুভেন্দুর আইনজীবীর কথায়, গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালানো হয়। এমনকি, তাঁকে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কেউ গ্রেফতারও হননি। এমনকি, নেতার দাবি, তাঁর উপর প্রাণঘাতী হামলা চালানো হলেও নাকি খুনের চেষ্টার ধারা দেওয়া হয়নি এফআইআরে। এদিকে, আইপ্যাকে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি।
এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধরনায় বসতে চেয়ে হাইকোর্টে মামলা করেছেন তারা। বিচারপতি শম্পা দত্ত পাল মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে শুনানি, তা এখনও জানা যায়নি।







