
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন কেন্দ্রীয় শিক্ষা বোর্ড সিবিএসই-র নতুন পাঠ্যক্রম কাঠামো নিয়ে তীব্র সমালোচনা করেছেন। শনিবার তিনি এই নীতিকে পরিকল্পিত ভাষাগত চাপিয়ে দেওয়ার প্রয়াস বলে অভিহিত করে দাবি করেন, এর মাধ্যমে হিন্দিকে অগ্রাধিকার দিয়ে আঞ্চলিক ভাষাগুলিকে উপেক্ষা করা হচ্ছে।
স্ট্যালিনের মতে, এই ধরনের পদক্ষেপ ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী এবং অ-হিন্দিভাষী রাজ্যগুলির শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তিনি কেন্দ্রীয় সরকারকে দেশের ভাষাগত বৈচিত্র্যের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং রাজ্যগুলির স্বার্থ রক্ষার উপর গুরুত্ব দেন। সিবিএসই সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণি থেকে ধাপে ধাপে ত্রি-ভাষা নীতি চালু করা হবে।
এই ব্যবস্থায় শিক্ষার্থীদের তিনটি ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয় ভাষা হওয়া বাধ্যতামূলক। কেন্দ্রের দাবি, এটি জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে। তবে এক্স-এ করা এক পোস্টে স্ট্যালিন অভিযোগ করেন, এটি শুধুমাত্র শিক্ষাগত সংস্কার নয়, বরং একটি সুপরিকল্পিত কৌশল যার মাধ্যমে হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। তাঁর মতে, হিন্দি-ভাষী রাজ্যগুলিতে যেখানে অন্য আঞ্চলিক ভাষা শেখার বাধ্যবাধকতা নেই, সেখানে অ-হিন্দিভাষী রাজ্যগুলির শিক্ষার্থীদের জন্য এই নীতি অসম এবং বৈষম্যমূলক। এছাড়া, কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে তামিল ভাষা বাধ্যতামূলক না করা এবং পর্যাপ্ত তামিল শিক্ষকের অভাব নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি।









