
হলিউড অভিনেতা ম্যাথু পেরির কাছে প্রাণঘাতি মাদক বিক্রির দায়ে কেটামিন কুইন নামের কুখ্যাত এক মহিলাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার কাছ থেকে কেনা মাদক সেবনের জেরেই ৫৪ বছর বয়সী ফ্রেন্ডস তারকা পেরির মৃত্যু হয় বলে অভিযোগ।
জাসভিন সাংঘা নামের ওই মহিলা গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে আনীত পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করেন।এর মধ্যে ছিল কেটামিন সরবরাহ করে মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ হওয়ার অভিযোগ।অভিযোগকারীরা জানিয়েছেন আমেরিকা এবং ব্রিটেনের দ্বৈত নাগরিক এই মহিলার নর্থ হলিউডের বাসভবনটি ছিল একটি মাদক বিক্রির আড্ডাখানা। সেখানে ধনী ও প্রভাবশালী গ্রাহকদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করা হতো। এদিকে দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সঙ্গে লড়াই করা ম্যাথু পেরিকে ২০২৩ সালের অক্টোবরে তার লস অ্যাঞ্জেলেসের বাড়ির হট টাবে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যু কেটামিনের তীব্র প্রভাবের কারণে হয়েছে বলে নিশ্চিত করেন তদন্তকারীরা।উল্লেখ্য,কেটামিন একটি ডিসোসিয়েটিভ অ্যানেস্থেটিক, যার কিছু হ্যালুসিনোজেনিক প্রভাব রয়েছে। এটি শুধুমাত্র চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহারের কথা।আদালতে পেরির স্বজনরা বক্তব্য রাখার সময় সাংঘা কান্নায় ভেঙে পড়েন। পরে বিচারক তার সাজা ঘোষণা করেন।বিচারক বলেছেন, সাংঘাকে তার অপরাধের জবাব দিতে হবে। গ্রেপ্তারের পর থেকে তিনি কোনও অনুশোচনা দেখাননি।
আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে সাংঘা স্বীকার করেছেন, তার ভুল সিদ্ধান্ত বহু মানুষের জীবন ধ্বংস করেছে। তিনি তার কর্মকাণ্ডের জন্য গভীরভাবে লজ্জিত ও দুঃখিত।সাজার আগে বিচারকের কাছে জাসভিন সাংঘার সর্বোচ্চ শাস্তির আবেদন জানান পেরির সৎমা ডেবি পেরি।









