
আর জি কর কাণ্ডের পর দুর্গাপুরের ডাক্তারি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর আবারও উত্তাল হয়েছে রাজ্য। বিক্ষোভ, অবরোধ থেকে রাতদখন ফের সাক্ষী হয়েছে রাজ্য। ঘটনার এক সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরকাণ্ডের নির্যাতিতা। আপাতত হস্টেলে ফিরেছেন তিনি।
সঙ্গে রয়েছেন তাঁর মা। নির্যাতিতার দেখভালের জন্য হাসপাতাল থেকেও একজনকে পাঠানো হয়েছে বলে খবর। এদিকে মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে দেখা করতে ওড়িশায় ফিরেছেন নির্যাতিতার বাবা। শুক্রবার সহপাঠীর সঙ্গে বাইরে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় তোলপাড় হয় রাজ্য। তারপর থেকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। এই ঘটনার তদন্তে নেমে প্রথমে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ লাগোয়া গ্রামের ৫ যুবককে গ্রেফতার করে পুলিশ।
পরে বয়ানে অসঙ্গতি মেলায় নির্যাতিতার বন্ধুকে গ্রেফতার করে পুলিশ। প্রত্যেকেই পুলিশ হেফাজতে রয়েছে।









