
একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে গাজায় চলছে ইসরায়েলের ভয়ংকর আগ্রাসন। তবে চুপ করে বসে নেই উত্তর কোরিয়াও। নিরবে একের পর এক শক্তিশালী যুদ্ধাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন।
তার অস্ত্রভান্ডারে কি ধরনের যুদ্ধাস্ত্র রয়েছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই বিভিন্ন দেশের। কিম সব সময়ই তার হাতিয়ারের বাঙ্কার নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখেন। কিন্তু এবার সব ধরনের গোপনীয়তা ভেঙে প্রকাশ্যে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ভান্ডারের ছবি।একদিন আগে উত্তর কোরিয়া প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে।পারমাণবিক বোমার জন্য জ্বালানি উৎপাদন করে সেন্ট্রিফিউজ। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়েছে।ইউরেনিয়াম সমৃদ্ধকরণকেন্দ্র পরিদর্শনকালে কিম তার দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এ জন্য তিনি আরও বেশিসংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন।উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, কিম পারমাণবিক অস্ত্রবিষয়ক প্রতিষ্ঠান,নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট পরিদর্শন করেছেন। এছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন।ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে।উল্লেখ্য,উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়।দাবি, উত্তর কোরিয়ার কাছে ৫০টির কাছাকাছি পরমাণু অস্ত্র রয়েছে।শুধু তাই নয়, শতাধিক পরমাণু অস্ত্র বানানোর জন্য রসদও রয়েছে তাদের হাতে। পরমাণু হাতিয়ারের পাশাপাশি ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে কিমের দেশ।









