
মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন বিন্যাসকে জুড়ে দেওয়ার অভিযোগ তুলে বাংলা ভাগের চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই সংসদে পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। আর এদিনেই কোচবিহারের মাথাভাঙার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন এটা ভোটারদের নাম কাটার প্রচেষ্টা।
মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের মাধ্যমে লোকসভার সাংসদ সংখ্যা বাড়িয়ে ৮৫০ করতে চাইছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ বিল তো অনেকদিন পড়ে রয়েছে। তিনি প্রশ্ন তুলেছেন মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে আসন বিন্যাস একসঙ্গে কেন। মহিলা বিল এবং ডিলিমিটেশন দুটি আলাদা বিষয় হওয়া উচিত। ভোট কাটবার লক্ষ্যেই এই দুই বিষয়কে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। তাঁর আরও দাবি এই বিল পেশের মাধ্যমে আসলে ভোটারদের নাম বাদ দেওয়া এবং এনআরসি কার্যকর করার চক্রান্ত লকিয়ে রয়েছে। মহিলাদের আত্মসম্মানকে আঘাত করা হচ্ছে এবং একপ্রকার ব্ল্যাকমেল করা হয়েছে।









