
অন্ধ্রপ্রদেশে ভেজাল দুধ খেয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আরও অন্তত সাত জন। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়।
পূর্ব গোদাবরী জেলার লালাচেরুভুর এবং স্বরূপনগর এলাকায় পর পর এই মৃত্যুর জেরে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনেও। জানা যাচ্ছে, দুধে সমস্যার বিষয়টি নিয়ে গত ২২ ফেব্রুয়ারি প্রথম সন্দেহ হয় গ্রামবাসীদের। ওই দিন বেশ কয়েক জন প্রবীণ বাসিন্দাকে বমি, পেটব্যথার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। গ্রামবাসীদের দাবি, বাড়ি বাড়ি যে দুধ সরবরাহ করা হচ্ছিল, তা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন তাঁরা।অসুস্থ রোগীদের মেডিক্যাল পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁদের রক্তে ইউরিয়ার মাত্রা অনেকটা বৃদ্ধি পেয়েছে।বৃদ্ধি পেয়েছে ক্রিয়েটিনিনের মাত্রা। চিকিৎসকদের সন্দেহ, বিষক্রিয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। প্রাথমিক অনুসন্ধানে ওই দুধকেই বিষক্রিয়ার উৎস হিসাবে চিহ্নিত করছেন আধিকারিকেরা।
এলাকারই একটি ডেয়ারি ফার্ম থেকে আশপাশের গ্রামগুলির প্রায় ১০৬টি পরিবার দুধ নেয়। সন্দেহ করা হচ্ছে, সেখান থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে।দুধে ভেজালের ঘটনাকে কেন্দ্র করে উদ্বিগ্ন অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতর গ্রামে আপৎকালীন ভিত্তিতে চিকিৎসাশিবির খুলেছে। পাঠানো হয়েছে চিকিৎসকদের একটি প্রতিনিধিদল।









