
শান্তি আলোচনা ভেস্তে গেল,তাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কোনও সংঘর্ষবিরতি হয়নি,এমনই জানিয়েছেন তাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইক।
তিনি স্পষ্ট জানিয়েছেন , সীমান্তে তাইল্যান্ড সেনা যুদ্ধ চালিয়ে যাবে।২৬ অক্টোবর মালয়েশিয়ার মাটিতেই স্থায়ী সংঘর্ষবিরতি চুক্তিতে সই করেছিলেন তাইল্যান্ড এবং কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধানেরা।তাঁদের মাঝে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই চুক্তি স্থগিত করে আবার দু’ দেশ সংঘর্ষে লিপ্ত হয়েছে। নতুন করে শুরু হওয়া সংঘর্ষে ইতি টানতে আবারও উদ্যোগী হয় মালয়েশিয়া।তাদের মধ্যস্থতাতেই সংঘর্ষবিরতি নিয়ে আলোচনায় বসেছিল তাইল্যান্ড এবং কম্বোডিয়া।যদিও সেই বৈঠকে কোনও রফাসূত্র বার হয়নি, তা জানিয়ে দিলেন তাইল্যান্ডের প্রধানমন্ত্রী।বৈঠকের আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংঘর্ষবিরতি নিয়ে আশা প্রকাশ করেছিলেন।তিনি জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যার মধ্যেই দু’ দেশের উচিত ছিল সংঘর্ষবিরতিতে পৌঁছোনো।তবে আদৌ তা হয়নি।
তাইল্যান্ড যুদ্ধ অবসানের জল্পনা উড়িয়ে দিলেও কম্বোডিয়া জানিয়েছে, তারা আলোচনার জন্য প্রস্তুত। তবে এ-ও স্পষ্ট করেছে, তাইল্যান্ডের আক্রমণ ঠেকাতে প্রস্তুত তারা। উল্লেখ্য,সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে দু’ সেনার গুরুতর আহত হওয়ার পরেই ১০ নভেম্বর পড়শি দেশ কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষবিরতি চুক্তি মুলতুবি রাখার কথা ঘোষণা করেছিল তাইল্যান্ড। তখন থেকেই নতুন করে সংঘাতের জল্পনা ছড়াতে শুরু করেছিল।









