
উস্তিতে পার্টি অফিসে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধারে খুনের অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। মৃত বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের ভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন সুকান্ত মজুমদার।
তাঁর দাবি পৃথ্বীরাজকে খুন করা হয়েছে। পুলিশের তদন্তে অনাস্থাপ্রকাশ করে সুকান্ত মজুমদার বলেছেন দেহের ময়নাতদন্ত যাতে কেন্দ্রীয় নিয়ন্ত্রাধীন কোনও হাসপাতালে করা যায় তার চেষ্টা চলছে। তাঁর কথায় খুনের পিছনে তৃণমূলের হাত থাকতে পারে। সঠিক তদন্ত হলে সত্যটা বেরিয়ে আসবে। মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক পৃথ্বীরাজ নস্কর ৪ তারিখ থেকে নিখোঁজ ছিলেন। ৪ দিন পর শুক্রবার দেহ উদ্ধার হয়। এক তৃণমূল নেতা পৃথ্বীরাজকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। রাজনৈতিক খুন বলেছেন পৃথ্বীরাজের বাবাও।
এদিকে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন খুন-ধর্ষণ পশ্চিমবঙ্গে রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনও দোষীই সাজা পায় না। বিরোধীদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে খুন করা হচ্ছে। উস্তির ঘটনা তারই উদাহরণ।









