
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শান্তির বিনিময়ে দেশটির ৫০ শতাংশ খনিজ সম্পদ দাবি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, আমেরিকার এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
গ্রাফাইট, লিথিয়াম ও ইউরেনিয়াম-সহ আরও নানান খনিজের ভাণ্ডার ইউক্রেন। আমেরিকার দাবি, ইউক্রেনের পাশে থাকার বিনিময়ে এইসব খনিজের ৫০ শতাংশ মালিকানা দিতে হবে তাদের। তবে ইউক্রেনের দাবি, ভবিষ্যতে যাতে কোনও যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয় সে দিকে নজর রেখে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিতে হবে আমেরিকাকে। ইউক্রেনের অভিযোগ, খনিজ সম্পদের বিষয়ে জেলেনস্কি কিছুটা উদার মনোভাব দেখালেও, এই চুক্তি প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। কারণ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আমেরিকা কোনও গ্যারান্টি দেয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমেরিকার ওই চুক্তিপত্র এখনও সম্পূর্ণ নয়। ফলে এতে সই করার প্রশ্নই ওঠে না। ওই চুক্তিপত্রে আরও সংশোধনের প্রয়োজন রয়েছে। এদিকে, ভোলোদিমির জেলেনস্কিকে চূড়ান্ত ব্যর্থ নেতা বলে ভর্ৎসনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধ শুরু করা নিয়ে দোষারোপ করে তিনি বলেছেন, জেলেনস্কি একজন ব্যর্থ নেতা। আলোচনা বা সমঝোতার পথে আসার কোনও ক্ষমতাই নেই তাঁর। তিন বছর পূর্ণ হতে চলল এই যুদ্ধের। জেলেনস্কিরই তো উচিত ছিল অনেক আগেই চুক্তি করে লড়াই বন্ধ করে দেওয়া।









