
জামাইকে পেরেক ফুটিয়ে খুন করে দেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। জানা গিয়েছে বছর ৩৪-র শরিফুল ইসলামের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয় মুরারিপুরের মৌসুমি খাতুনের।
তাঁদের ১১ মাসের সন্তানও রয়েছে। শরিফুলের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে এই সন্দেহে অশান্তি শুরু হয় বিয়ের বছর খানেক পর। অশান্তি মেটাতে সালিশি সভাও বসে। এরপর থেকে বাপের বাড়ি থাকতে শুরু করেন মৌসুমি। স্ত্রীকে ফেরাতে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে গিয়েছিল শরিফুল। অভিযোগ সেখানেই শরিফুলকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। সারা শরীরেই পেরেক ফোটানোর চিহ্ন মিলেছে বলে দাবি পরিবারের। ঘটনার পর থেকেই পলাতক শরিফুলের শ্বশুরবাড়ির লোকজন।









