
সাড়ে তিন হাজারের বেশি সৈন্য নিয়ে পশ্চিম এশিয়ায় পৌঁছে গিয়েছে আমেরিকার রণতরী ইউএসএস ট্রিপোলি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ২৭ মার্চ এই রণতরী পশ্চিম এশিয়ায় সেন্ট্রাল কমান্ডের অধীন এলাকায় পৌঁছেছে।
তাতে নাবিক এবং নৌসেনারা রয়েছেন। এ ছাড়াও, পণ্য পরিবহণ এবং আকাশপথে আক্রমণে সক্ষম যুদ্ধবিমান এই রণতরীতে রয়েছে। সূত্রের খবর, ইরানে স্থলপথে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। সে দেশে ঢুকে হামলা চালাতে পারে মার্কিন ফৌজ। যদি তা হয়, সংঘাত চলতে পারে কয়েক সপ্তাহ ধরে। তবে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট কয়েক জন মার্কিন আধিকারিককে উল্লেখ করে জানিয়েছে, ইরানে ডোনাল্ড ট্রাম্প স্থল-অভিযানের অনুমতি দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
নিশ্চিত কোনও নির্দেশ বা ইঙ্গিত এখনও ট্রাম্পের দফতর থেকে আসেনি। তবে প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না। নতুন করে সাড়ে তিন হাজার সেনা পশ্চিম এশিয়ায় মোতায়েন করায় স্থলযুদ্ধের জল্পনাই আরও জোরালো হচ্ছে। পাকিস্তানের জন্য হরমুজ় প্রণালী খুলে দেওয়া হবে, আগেই জানিয়েছিল ইরান। সেই মতোই এ বার পাকিস্তানের ২০টি জাহাজকে হরমুজ় পার করার ‘অনুমতি’ দিল তেহরান।









