
তামিলনাড়ু ও ভারতের মহিলাদের প্রতি ন্যায়বিচার দেবে বিজেপির সরকার। তামিলনাড়ুতে ভোটপ্রচারে গিয়ে এমনই দাবি করেছেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, কংগ্রেস-ডিএমকে পরাজিত করে, দুর্নীতি ও স্বজনপোষণের রাজনীতি শেষ করতে হবে। সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেছেন, বিজেপির সরকার ডিএমকে-র দুর্নীতির অবসান ঘটাবে। ডিএমকে নেতৃত্বকে লক্ষ্য করে অমিত শাহ বংশীয় রাজনীতির অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, এম কে স্ট্যালিন তাঁর ছেলে উদয়ানিধি স্ট্যালিন-কে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বানাতে চান। প্রথমে এম করুণানিধি, তারপর স্ট্যালিন, আর এখন তাঁর ছেলে। এই পারিবারিক স্বজনপ্রীতি তামিলনাড়ুর জনগণের কখনোই মঙ্গল বয়ে আনবে না। নারী সংরক্ষণের বিষয়ে অমিত শাহ ডিএমকে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসকে অগ্রগতিতে বাধা দেওয়ার জন্য অভিযুক্ত করেছেন।
তিনি বলেছেন, কংগ্রেস ও ডিএমকে নারীদের সংসদে আসতে বাধা দিয়েছে এবং তারা তামিলনাড়ুর আসন সংখ্যা বৃদ্ধিও প্রত্যাখ্যান করেছে।









