
ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে উত্তর ভারত সহ রাজধানী দিল্লি। শনিবার সকালে শহরের বায়ুগুণ সূচক ছিল প্রায় ৩৮০।
দূষণের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়ান ও ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে। সকাল থেকেই সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। প্রগতি ময়দান সংলগ্ন ভৈরব মার্গ এলাকায় সকাল ৭টায় বায়ুগুণ সূচক পৌঁছায় ৪৩৩-এ। রাস্তায় অনেক গাড়িকেই হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গিয়েছে। দিল্লির মোট ৪০টি দূষণ মাপার কেন্দ্রের মধ্যে ১৬টিতেই বাতাসের মান ভয়াবহ পর্যায়ে রয়েছে। আনন্দবিহার ও জাহাঙ্গিরপুরিতে পরিস্থিতি সবচেয়ে খারাপ। ঘন স্মগের কারণে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করেছে। জানানো হয়েছে, দৃশ্যমানতা কম থাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যাত্রীদের নিজ নিজ বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে উড়ানের তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেল চলাচলেও ধাক্কা লেগেছে। ৩০টির বেশি ট্রেন গড়ে তিন থেকে চার ঘণ্টা দেরিতে চলছে।









