
ফাস্ট্যাগের বার্ষিক পাস আসছে বাজারে। এবার থেকে বার্ষিক ৩ হাজার টাকা খরচ করে সেই পাস কিনলেই সারা বছর চলে যাবে প্রাইভেট গাড়ির গ্রাহকদের। এমনই ব্যবস্থা চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার।
বুধবার কেন্দ্রীয় স়ড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকরি এক্স পোস্টে জানিয়েছেন, আগামী ১৫ অগাস্ট থেকে চালু হতে চলেছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের ব্যবস্থা। তার দাম হবে তিন হাজার টাকা। ওই পাস কিনলে তার মেয়াদ থাকবে এক বছর। তাতে টোল প্লাজা দিয়ে সব মিলিয়ে ২০০ বার যাতাযাত করতে পারবেন গ্রাহকেরা। যদি এক বছরের আগেই কোনও গ্রাহক ২০০ বার যাতায়াত করে ফেলেন, তা হলে আবার তাঁকে নতুন করে পাস কিনতে হবে।
কেন্দ্র জানিয়েছে, রাজমার্গ যাত্রা অ্যাপ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের সরকারি ওয়েবসাইট থেকে ওই পাস কেনা যাবে। পুনর্নবীকরণও করা যাবে সেখান থেকে।









