
ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে টায়ার ফেটে আগুন ছড়িয়ে পড়ল যাত্রিবাহী বাসে। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রের রামভদ্রপুরমের কাছে। জানা যাচ্ছে বাসে মোট ৩৭ জন যাত্রী ছিলেন।
তাঁদের মধ্যে ওড়িশার এক জন বিধায়কও ছিলেন। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, ৩৭ জন যাত্রীর মধ্যে ওড়িশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লোও ছিলেন।
তিনি বলেন, ভুবনেশ্বরের রসুলগড় বাসস্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম। রাত ৩টের সময় রামভদ্রপুরমের কাছে বাসে আগুন ধরে যায়। পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। সৌভাগ্যবশত, সকল যাত্রীকে সময়মতো বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তারপর আমাদের অন্য একটি বাসে করে গন্তব্যে রওনা করিয়ে দেওয়া হয়।









