
কোনও দেশ দখলের ইচ্ছা নেই, এই মর্মে প্রতিবেশী আরব দেশগুলির কাছে ক্ষমা চেয়েছে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, দেশ দখলের কোনও ইচ্ছা তাদের নেই।
ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ এ নীতির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক মন্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সাম্প্রতিক কয়েক দিনে সংঘটিত হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে দুঃখিত। তবে তাদের ভূখণ্ডে আমেরিকার সামরিক ঘাঁটি থাকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর প্রতি তাঁদের কোনো শত্রুতা নেই।
উল্লেখ্য যুদ্ধ শুরুর পরে কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত-সহ একাধিক দেশে হামলা চালিয়েছিল ইরান। তবে সেগুলো শুধুই আমেরিকার সেনা ঘাঁটি ধ্বংস করার উদ্দেশ্যেই বলে জানিয়েছে ইরান সরকার। দুবাইয়ের সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছে এমিরেটস। দুবাই বিমানবন্দর থেকে কোনও বিমান ছাড়বে না বলে জানিয়েছে এয়ারলাইনস সংস্থা। পাশাপাশি গোটা বিশ্ব থেকে দুবাইগামী বিমান পরিষেবাও বন্ধ করে দিয়েছে তারা। শনিবার সকালে দুবাইয়ে দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তার পরেই এই সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস।









