
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে বলেন্দ্র শাহ-র শপথের ২৪ ঘণ্টার মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোরে নিজের বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ।
একইসঙ্গে নেপালের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেফতার করা হয়েছে। গত বছর তরুণ প্রজন্মের বিক্ষোভের জেরে নেপালে পতন হয়েছিল ওলি সরকারের। তার পর ভোট হয় ৫ মার্চ।
১৬৫টি আসনের মধ্যে ১২৫টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলেন্দ্রের শাহ-র দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। তিনি শুক্রবার নেপালের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলে ভারত থেকেও যায় শুভেচ্ছাবার্তা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন। গত বছরের জেন জি বিক্ষোভে জড়িত থাকার অভিযোগেই ওলি এবং তাঁর স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।









