
দু’টি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজন শ্রমিকের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরে।
জানা গেছে, মৃত ও আহত ব্যক্তিরা বাঁকুড়া জেলার কোতুলপুর থানার সিহড় এলাকার বাসিন্দা। তাঁরা রডের কাজ করতেন। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের বুড়ির পুকুর এলাকায় মুখোমুখি ধাক্কা মারে দু’টি মোটরবাইক। প্রত্যক্ষদর্শীদের মতে, দু’টি বাইকের গতি অত্যন্ত বেশি ছিল এবং মুখোমুখি সংঘর্ষে চারজনই ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরে পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিয়ে যান ক্ষীরপাই হাসপাতালে। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন।
গুরুতর আহত এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।









