
ফিফা ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরির বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করেছিল ইন্টার মিলান। এবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল এশিয়ার প্রতিনিধি উরাওয়া রেডসের। যেখানে জয় ছাড়া কোনো বিকল্প ছিল না ইতালিয়ান জায়ান্টদের। ক্লাব বিশ্বকাপের গ্রুপ ই’ ম্যাচে শেষ মুহূর্তের গোলে উরাওয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান।
ম্যাচের শুরুটা অবশ্য তাদের জন্য ছিল হতাশার। মাত্র ১১ মিনিটেই রেডস ফরোয়ার্ড রায়োমা ওয়াতানাবের গোলে পিছিয়ে পড়ে ইন্টার। এই গোলের পর দুর্দান্ত রক্ষণে লিড ধরে রাখে জাপানি ক্লাবটি। ৭৮ মিনিট পর্যন্ত ইউরোপীয় জায়ান্টদের বিপক্ষে জয় ধরে রাখার স্বপ্ন বুনছিল তারা।তবে নিরাশ হতে হয়নি ইন্টারের সমর্থকদের। ৭৮ মিনিটে কর্নার থেকে আসা বলে দুর্দান্ত শটে সমতা ফেরান অধিনায়ক লাউতারো মার্টিনেজ।
এরপর ম্যাচের ৯২ মিনিটে ভ্যালেন্তিন কারবনির গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে নেরাজ্জুরিরা। ম্যাচজুড়ে একচেটিয়া দাপট দেখায় ইন্টার। এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে উঠে এসেছে ইন্টার মিলান।









