
ঝাড়খণ্ডের পালামুতে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ২ জওয়ান। সংঘর্ষে জখম হয়েছেন আরও এক জন। তাঁকে উদ্ধার করে পালামুর মেদনিরাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ছত্তীসগঢ় এবং ঝাড়খণ্ডে ধারাবাহিক ভাবে মাওবাদীদমন অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। বুধবার পালামুর মানাতু থানা এলাকার কেদল গ্রামে জঙ্গলের মধ্যে মাওবাদীদের গতিবিধি দেখা গিয়েছে বলে গোপন সূত্রে খবর পায় স্থানীয় পুলিশ।
সেই সূত্র ধরেই বেশি রাতের দিকে মাওবাদীদমন অভিযানে নামেন নিরাপত্তা বাহিনীর জওয়ানেরা। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১২টা থেকে অভিযান শুরু হয়। ওই অভিযান চলাকালীন মাওবাদীদের গুলিতে দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানান পালামুর ডিআইজি নওশাদ আলম।









