
চার দিন ধরে পলাতক থাকার পরে অবশেষে পুলিশের জালে ল্যাম্বরগিনি দুর্ঘটনায় অভিযুক্ত শিবম মিশ্র। উত্তরপ্রদেশের কানপুরে ল্যাম্বরগিনি দুর্ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তামাক ব্যবসায়ীর পুত্র শিবমের বিরুদ্ধে।
হাইপ্রোফাইল সেই দুর্ঘটনায় তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের ছেলে শিবম মিশ্রকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে কানপুর পুলিশ। বুধবার মামলায় অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট সপ্তম আদালত চালকের আত্মসমর্পণের আবেদন খারিজ করে দেয়।
শিবম মিশ্রের আইনজীবীর দায়ের করা আবেদনে দাবি করা হয়েছে যে ঘটনার দিন, শিবমের চালক, দিল্লির দ্বারকার বাসিন্দা মোহন এম. গাড়িটি চালাচ্ছিলেন। তার আত্মসমর্পণের জন্য একটি আবেদন দাখিল করা হয়েছে। আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে যে মোহন মামলার আসামি ছিলেন না। এখন পর্যন্ত তদন্তে জানা গেছে যে দুর্ঘটনার দিন শিবম মিশ্র গাড়িটি চালাচ্ছিলেন।









