
লাদাখ সীমান্তে সেনা পিছনোর প্রক্রিয়া নিয়ে ফের চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
কাজাখস্তানের রাজধানী অস্তানায় আয়োজিত শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন সম্মেলনের পার্শ্ববৈঠকের পরে এবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশনস-এর বৈঠকে দেখা হয়েছে দুই বিদেশমন্ত্রীর। এস জয়শঙ্কর এক্স হ্যান্ডলে বৈঠক সম্পর্কে লিখেছেন, ভিয়েনতিয়েনে সিপিসি পলিটব্যুরো সদস্য এবং বিদেশমন্ত্রী ওয়াং ইর সাথে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তাদের ধারাবাহিক আলোচনা অব্যাহত রেখেছেন। সীমান্তের পরিস্থিতি অবশ্যই ভারত-চিন সম্পর্কের উপর প্রতিফলিত হবে। ডিসএনগেজমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য দৃঢ় পদক্ষেপের প্রয়োজনীয়তার বিষয়ে তাঁরা একমত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা এবং অতীত চুক্তির প্রতি পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে। বিদেশমন্ত্রী আরও জানিয়েছেন, পারস্পরিক স্বার্থেই ভারত-চিন সম্পর্ক স্থিতিশীল করা প্রয়োজন। আলোচনার মাধ্যমে তাত্ক্ষণিক সমস্যাগুলির সমাধানই তাদের অগ্রাধিকার হওয়া উচিত।









