
এবার নিট পরীক্ষায় বেনিয়মে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। ৪ জুলাই শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে।
তার আগেই এই নিয়ে কেন্দ্রের জবাব চেয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারই যে ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নের জন্য গ্রেস মার্কস পেয়েছিলেন তাদের সেই বাড়তি গ্রেস মার্কস বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।তারপরই পুরো ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন পরীক্ষার্থীরা।তাদের প্রশ্ন, যারা গ্রেস মার্কস পেলেন তাঁরা না হয় ফের পরীক্ষা দেবেন, কিন্তু যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত।এই বছর নিট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে ৬৭ জন। এরপর থেকে এই প্রবেশিকা পরীক্ষা নিয়ে উঠেছে বিস্তর অভিযোগ। পরীক্ষায় প্রশ্ন ফাসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। এই ইস্যুতে তোলপাড় হয় গোটা দেশ। ২০২৪ সালের নিট পরীক্ষায় ব্যাপক অসঙ্গতির অভিযোগ তুলে পরীক্ষা বাতিল ও কাউন্সেলিং বন্ধের আর্জি জানিয়ে দায়ের হয়েছিল একাধিক মামলা।









