
আবারও জেল থেকে বেরতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন ডেরা সাচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের কাছে তাঁর আবেদন, ২১ দিনের জন্য প্যারোল দেওয়া হোক।
কারণ ডেরা সাচ্চা সৌদার একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাম রহিমকে জামিন দেওয়া যায় কিনা, সেই বিষয়ে মতামত চেয়ে হরিয়ানা সরকার এবং শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটিকে নোটিস দিয়েছে আদালত। ২ জুলাইয়ের মধ্যে জবাব দিতে হবে দুপক্ষকে।এর আগে ১০ মাসে ৭ বার প্যারোলে মুক্তি পেয়েছেন রাম রহিম।২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে রাম রহিমকে। ডেরার দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। পাশাপাশি ডেরার ম্যানেজারকে খুনের অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। তবে সেই অভিযোগ থেকে তাঁকে নিষ্কৃতি দিয়েছে আদালত।









