
যুদ্ধবিরতি জারি থাকলেও হুঁশিয়ারি থামছে না। ফের ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি ভাঙলেই শুরু হবে আরও ভয়াবহ হামলা।
বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার সেনা, যুদ্ধজাহাজ, বিমান এবং অস্ত্রশস্ত্র সবই ইরানের আশপাশে মোতায়েন থাকবে।
যতক্ষণ না আসল চুক্তি পুরোপুরি হচ্ছে, ততক্ষণ কিছুই এক চুলও নড়বে না কোথাও থেকে। আপাতত যুদ্ধবিরতি থাকলেও পরিস্থিতি যে একেবারে স্বাভাবিক হয়নি তা স্পষ্ট। বরং চুক্তি কার্যকর রাখার জন্য চাপ তৈরি করতে এই সামরিক প্রস্তুতি। বুধবার যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যে লেবাননে হামলা চালাতে শুরু করে ইজরায়েল। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়। প্রাণ যায় সাংবাদিকেরও। লেবানন বাঁচাতে পাল্টা হামলা হুঁশিয়ারি দেয় ইরান। কিন্তু তাতে লাভ হয়নি। থামেনি আক্রমণ।









