
বিরোধীদের বিক্ষোভের জেরে শুক্রবারও মুলতুবি হয়ে গিয়েছে সংসদের দুই কক্ষ। বাজেট অধিবেশনের পঞ্চম দিনে সংসদের দুই কক্ষই মুলতুবি করা হয়েছে চলতি সপ্তাহের জন্য।
সোমবার আবার বসবে লোকসভা ও রাজ্যসভা। সভা মুলতুবির পরেও শুক্রবার সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। কেন্দ্রের বিরুদ্ধে আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি করে দেশের কৃষকদের বিপন্ন করে তোলা এবং গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তুলেছেন তাঁরা। এদিকে চলতি বাজেট অধিবেশনে ৬৫ দিনের মধ্যে ৩০ দিন সভা হওয়ার কথা।প্রথমার্ধ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। বিরতির পরে ৯ মার্চ আবার বসবে লোকাসভা ও রাজ্যসভার অধিবেশন।২ এপ্রিল শেষ হবে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। সভা শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই বিজেপি সাংসদ তেজস্বী সূর্য কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, ওরা দেশপ্রমিক হতে পারল না। তার পর বক্তৃতা করতে উঠে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাক্তন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবণের অপ্রকাশিত বই ফোর স্টারস অফ ডেস্টিনি-র একাংশ পড়তে শুরু করেন।
২০২৪ সালে বইটির আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হওয়ার কথা থাকলেও শেষমেশ তা আর হয়নি। যদিও ২০২৩ সালের ডিসেম্বর মাসেই বইটির একাংশ বিভিন্ন সংবাদসংস্থা প্রকাশ করে দেয়। উল্লেখ্য ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত দেশের সেনাপ্রধান ছিলেন নরবণে।









