
ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খুনের ঘটনার ৩ দিন পর অবশেষে দলেরই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তৃণমূল কর্মী মোফাজ্জেল মোল্লা খুনের মাস্টারমাইন্ড। ভাড়াটে খুনি লাগিয়েই মোফাজ্জেল রাজ্জাক খানকে খুন করিয়েছে বলে সন্দেহ তদন্তকারী অফিসারদের।
এলাকা দখলকে কেন্দ্র করে রাজ্জাক খাঁ-র সঙ্গে মোফাজ্জেলের বিবাদ চলছিল। আর্থিক সংক্রান্ত লেনদেনের জেরেই রাজ্জাককে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের। শনিবার রাতেই মোফাজ্জেলকে গ্রেফতার করে পুলিশ। তবে এই খুনের ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানতে টাওয়ার ডাম্পিং সিস্টেমের সাহায্য নিচ্ছে পুলিশ।
রাজ্জাককে খুনের পর থেকে ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা বারবার অভিযোগ করেছিলেন খুনের ঘটনায় অভিযুক্ত আইএসএফ। তবে রাজ্জাককে খুনের অভিযোগে যাকে গ্রেফতার করেছে পুলিশ, অভিযুক্ত মোফাজ্জেলের সঙ্গে সওকত মোল্লার একাধিক ছবি রয়েছে।









