
বিহারে পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবার পুরোপুরি বাতিলের দাবি তুলে পাটনা হাইকোর্টে মামলা করেছে প্রশান্ত কিশোরের দল জন সূরজ পার্টি। শুক্রবার দলের আইনজীবী প্রণব কুমার জানিয়েছেন, ১৩ ডিসেম্বর বিপিএসসি পরীক্ষায় অনিয়ম হয়েছে।
সেই পরীক্ষা বাতিলের দাবিতে বিচারপতি অরবিন্দ সিং চন্দেলের বেঞ্চে মামলা করার আবেদন করা হয়। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ১৫ জানুয়ারি বিপিএসসি মামলার শুনানি রয়েছে পটনা হাইকোর্টে।বিপিএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস-সহ একাধিক অভিযোগ তুলে প্রথম থেকেই পথে নেমেছে প্রাক্তন ভোটকুশলীর দল। এবার পুরো পরীক্ষা বাতিলের দাবিতেই মামলা করেছে তারা। তাদের আইনজীবীর কথায়, বিপিএসসি পরীক্ষায় বড় রকমের অনিয়ম হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কোনও জ্যামার লাগানো ছিল না। ফলে কেন্দ্রের ভেতরে অনেকেই মোবাইল নিয়ে প্রবেশ করেন।
এছাড়াও, প্রশ্নপত্র ফাঁসও হয়েছে বলে অভিযোগ জন সূরজ পার্টির।প্রসঙ্গত, বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই অশান্তি চলছে বিহারে। চাকরিপ্রার্থীদের একাংশ আন্দোলনে নেমেছেন।






