
ওড়িশার তালসারিতে ভোলে বাবা পার করেগা বাংলা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের দায়ের করা মামলার ভিত্তিতে এ বার ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ অভিযুক্ত পাঁচ জনকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে ওড়িশার তালসারি মেরিন থানার পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রযোজনা সংস্থার পাঁচ জনকে তদন্তে সহযোগিতা করার জন্য নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। লীনা গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁরা এখনও সমন পাননি।
পুলিশ সূত্রের খবর, প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, সহ পরিচালক শুভাশিস মণ্ডল, কার্যকরী প্রযোজক শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ধারায় মামলা শুরু করে ওড়িশা পুলিশ।









