
দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা সদ্যই বিয়ের সব অনুষ্ঠান শেষ করেছেন। প্রীতিভোজের দিন তাঁর স্বামী বিজয় দেবেরাকোন্ডা জানান, কয়েকটা দিন তাঁরা লোকচক্ষুর আড়ালে থাকতে চান। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না।
বিয়ের কয়েক দিনের মধ্যেই অভিনেত্রীর অতীত নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। ছড়িয়ে পড়েছে একটি পুরনো কথোপকথনের রেকর্ড। সেটি সামনে আসতেই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন রাশমিকা। ২০১৬ সালে কিরিক পার্টি ছবির মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন রাশমিকা। ওই ছবির প্রযোজক ছিলেন রক্ষিত শেঠি।সেই ছবির কাজের সময়ই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৭ সালে বাগদানও করেন তাঁরা। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি, ২০১৮ সালেই আলাদা হয়ে যান দুজন। এবার সেই পুরনো সম্পর্ক ঘিরেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।ছড়িয়ে পড়া কথোপকথনের রেকর্ডটিকে বিকৃত বলে দাবি করেছেন রাশমিকা। অভিনেত্রী জানিয়েছেন,গত ২৪ ঘণ্টায় যে রেকর্ডটি ছড়িয়ে পড়েছে তা বিকৃত করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে প্রচার করা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাশমিকা আরো বলেছেন, এত বছর চুপ করেছিলেন। সব সময় নিজের কাজ করে গিয়েছেন এবং সবার মধ্যে ইতিবাচক বার্তা দিয়ে এসেছেন। কিন্তু কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে যাচ্ছে। তাই আর চুপ করে থাকবেন না।এদিকে সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে অভিনেত্রীকে। তবে সেখানে মুখ আড়াল করেই দ্রুত বেরিয়ে যেতে দেখা যায় রাশমিকা মান্দানাকে।









