
এবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে সরব হয়েছেন অভিনেত্রী মালাইকা অরোরা।
আর জি কর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ।সরব বলিউডও। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় নিজেদের মতামত জানিয়েছেন আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানারা। এবার এই ঘটনার বিচার প্রক্রিয়া বিলম্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট শেয়ার করে সরব হয়েছেন মালাইকা অরোরা। অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে বার্তা দিয়েছেন জাগো ভারত।৯ আগস্ট আর জি করের ঘটনার কয়েকদিন পরই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। তবে তার পর দু সপ্তাহ কেটে গেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজে থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি। নিজের সোশাল মিডিয়া পোস্টে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০ দিন পরও কেন এই মামলায় কোনও অগ্রগতি দেখাতে পারছে না সিবিআই। সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী মালাইকা অরোরাও দাবি তুলেছেন, জাগো ভারত।









