
উত্তরপ্রদেশের নয়ডা সোমবার সকাল থেকে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।বিক্ষোভকারী শ্রমিকেরা রাস্তা অবরোধ করলে নয়ডার সঙ্গে যোগাযোগকারী রাস্তা একেবারে স্তব্ধ হয়ে গিয়ে দীর্ঘ যানজটে নাকাল হতে হয় লোকজনকে।
পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়,আগুন জ্বলে, ভাঙচুর হয়। পুলিশকে লক্ষ্য করে হয় ইটবৃষ্টিও।খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অক্ষরধাম থেকে নয়ডায় প্রবেশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠে। নয়ডার সেক্টর ৬২ থেকে সেক্টর ১৬ যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ। ৯ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।জানা গেছে নয়ডার ফেজ় ২ এলাকায় প্রচুর কারখানা রয়েছে।তেমনই একটি কারখানার শ্রমিকেরা গত তিন দিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। বিক্ষোভকারী শ্রমিকদের দাবি, তাঁরা মাসে ১৫ হাজার টাকারও কম বেতন পান। শুধু তা-ই নয়, দিনে আট ঘণ্টার বদলে ১২ ঘণ্টা ধরে কাজ করানো হয়। অথচ বেতন বাড়াতে বললে, কর্তৃপক্ষের কাছ থেকে কোনও জবাবই মেলে না।অভিযোগ কারখানায় কর্মীদের শোষণ করা হয়। ঠিকমতো খাবার দেওয়া হয় না। মহিলাদের জন্য কোনও নিরাপত্তা নেই।প্রসঙ্গত, মালিকপক্ষের বিরুদ্ধে কর্মীদের এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল হরিয়ানার এক কারখানায়। ঠিক একই রকম দাবিতে তাঁরা মালিকপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামেন।
কারখানায় ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয়।সেই ঘটনার পর হরিয়ানা সরকার সম্প্রতি ঘোষণা করে অদক্ষ, আধা-দক্ষ, দক্ষ এবং অত্যন্ত দক্ষ শ্রমিকদের জন্য ৩৫ শতাংশ বেতন বৃদ্ধি করতে হবে।






