
মালদহের দুলাল সরকারকে খুনের ঘটনায় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল। মালদহের জেলা সহ সভাপতি দুলাল সরকারকে খুনের অভিযোগে নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
নরেন্দ্র তিওয়ারি তৃণমূলের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি পদে ছিলেন। বৃহস্পতিবার দলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে নেতা খুনের অভিযোগে নাম জড়ানোয় নরেন্দ্রনাথকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে দুলাল সরকারের প্রভাব বেড়ে যাওয়ায় রেলের ঠিকাদারি থেকে আয় কমে গিয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারি এবং রোহন রজকের। ওয়াগন থেকে পণ্য খালাসের লেবার ঠিকাদারির কন্ট্রাক্ট নিতেন রোহন। আয় কমে যাওয়ায় নরেন্দ্রনাথ এবং রোহনের কমন টার্গেট হয়ে গিয়েছিলেন দুলাল সরকার ওরফে বাবলা। রোহনের আক্রোশকে হাতিয়ার করে দুলালকে সরিয়ে দেওয়ার ছক করেন নরেন্দ্রনাথ।
রোহন রজক আগে দুলাল সরকারের অনুগামী হলেও মাদক মামলনায় নাম জড়ানোয় তাঁকে ছেঁটে ফেলেছিলেন। এরপরেই শিবির বদলে নরেন্দ্রনাথের সঙ্গী হন কৃষ্ণ রজক ওরফে রোহন।









