
ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে, তারাই ওই তেল বাজারে বিক্রির বন্দোবস্ত করবে।
এবার মার্কিন জ্বালানি সচিব ক্রিস্টোফার রাইট দাবি করেছেন, ভারতেও ভেনেজ়ুয়েলার তেল বিক্রির পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের।মাদুরোকে অপহরণের পর ভেনেজ়ুয়েলার অন্তর্বর্তিকালীন সরকারের সঙ্গে আমেরিকা তেল নিয়ে একটি চুক্তি করেছে। তাতে বলা হয়েছে, আমেরিকাকে ৩ থেকে ৫ কোটি ব্যারেল উচ্চমানের তেল দেবে, যা বিক্রি হবে বাজারমূল্যে।
প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, এই তেল বিক্রি করে যে টাকা আসবে,তার নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতেই। এই পরিমাণ তেলের বাজারমূল্য প্রায় ২০০ কোটি মার্কিন ডলার। মার্কিন জ্বালানি সচিব সম্প্রতি জানিয়েছেন, ভেনেজ়ুয়েলার তেল ভারতের কাছে বিক্রি করতে আমেরিকা প্রস্তুত এবং আগ্রহী। ভারত নিয়ে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ভারত তো বটেই, ভেনেজ়ুয়েলার তেল প্রায় সব দেশেই বিক্রি করতে চায় ওয়াশিংটন।









