
ভয়াবহ ভূমিকম্পের জেরে রাশিয়ার পূর্ব উপকূলীয় শহর সেভেরো-কুরিলস্কে আছড়ে পড়েছে চার মিটার উঁচ সনামির ঢেউ। সমুদ্রের জল ঢুকে পড়েছে শহরের একাধিক বাড়িতে।
রাশিয়ার অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, সেভেরো-কুরিলস্ক শহরের একাংশ জলের তলায় চলে গিয়েছে। প্রায় ২ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রক। সরকারি তথ্য বলছে, ১৯৫২ সালের পর কামচাটকা অঞ্চলে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প এটি। প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, আগামী দিনে একাধিক আফটারশক হতে পারে। যার মাত্রা ৭ দশমিক ৫ পর্যন্ত পৌঁছাতে পারে। ইতিমধ্যেই ৬ দশমিক ৯ এবং ছয় দশমিক তিন মাত্রার আফটারশক হয়েছে। অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনযায়ী, ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণে সরে যাওয়ায় আরও ১৬টি জায়গায় ঢেউ আছড়ে পড়েছে। সেখানে প্রায় ১৪ ফুট উঁচু ঢেউ আছড়ে পড়েছে। এদিকে হাওয়াইতে একটানা বেজেই চলেছে সুনামির সাইরেন। সেখানেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূল এলাকায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই উপকূল ফাঁকা করা হচ্ছে। হাওয়াইয়ের ইমার্জেন্সি শেল্টারগুলিও খুলে দেওয়া হয়েছে।









