
বৃষ্টিতে বিপর্যস্ত দুবাইয়ে ভারতীয়দের বেড়াতে যেতে বারণ করেছে আরব আমিরশাহির ভারতীয় দূতাবাস।এমনকি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে ট্রানজিট না করারও পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস।
ইতিমধ্যে দুবাইয়ে যাতায়াতকারী সমস্ত বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।কয়েক দিনের টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুবাইয়ে। এই পরিস্থিতিতে শুক্রবার আবু ধাবির ভারতীয় দূতাবাস নির্দেশিকা জারি করেছে। জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে আবহাওয়ার বিপর্যয়ের কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বিমানের ওঠানামা নিয়ন্ত্রণ করেছে। আরব আমিরশাহি প্রশাসন দিনরাত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু তারপরেও পরিস্থিতি নজিরবিহীন। বিমানবন্দর কর্তৃপক্ষের পরামর্শ, বিমান সংস্থা উড়ানের সময়, তারিখ নিশ্চিত করলে তবেই যেন বিমানবন্দরে যান যাত্রীরা। সে কারণে ভারতীয় দূতাবাসের পরামর্শ, যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, তত ক্ষণ জরুরি প্রয়োজন ছাড়া ভারতীয়দের দুবাই বিমানবন্দরে না যাওয়াই শ্রেয়। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে দুবাই থেকে যাত্রীদের ফেরার ব্যবস্থা করা হবে।









