গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology এ আই : মহিলারা চাকরি হারানোর বেশি ঝুঁকিতে

    এ আই : মহিলারা চাকরি হারানোর বেশি ঝুঁকিতে

    0
    129
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    দ্রুত বিকাশমান জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা,এআই ও ডিজিটাল প্রযুক্তির বিস্তারে মহিলা ও পুরুষ উভয়েই চাকরি হারানোর ঝুঁকিতে আছেন। তবে মহিলারা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

    রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিকবিষয়ক দপ্তর,ডিইএসএ জানায়, বিশ্বব্যাপী মহিলাদের প্রায় ২৭ দশমিক ৬ শতাংশ চাকরি এআইয়ের কারণে স্বয়ংক্রিয় হয়ে যেতে পারে বা বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে পারে। পুরুষদের ক্ষেত্রে এ হার প্রায় ২১ শতাংশ। রিপোর্টে বলা হয়েছে, কাঠামোগত বৈষম্য, প্রযুক্তিতে লিঙ্গভিত্তিক পক্ষপাত এবং মহিলাদের ডিজিটাল সরঞ্জামে সীমিত প্রবেশাধিকারই এই ঝুঁকির মূল কারণ। উন্নত ও উচ্চমধ্যম আয়ের দেশগুলোতে এ প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে। কারণ এসব দেশে মহিলারা অফিস সহকারী, শিক্ষা ও প্রশাসনিক খাতের কাজে বেশি যুক্ত যেখানে এআইয়ের প্রভাব তুলনামূলকভাবে বেশি। রাষ্ট্রসংঘ জানিয়েছে, প্রযুক্তি খাতে মহিলাদের স্বল্প উপস্থিতি এই বৈষম্যকে আরও গভীর করছে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে মহিলাদের অংশগ্রহণ এখনো এক-তৃতীয়াংশের কম। এটা ভবিষ্যতের চাকরির সুযোগকেও প্রভাবিত করতে পারে। রিপোর্টে এও বলা হয়েছে, ডিজিটালাইজেশন মহিলাদের জন্য নতুন সুযোগও তৈরি করছে। দূর থেকে কাজ করা, অনলাইন প্ল্যাটফর্ম ও গিগ ইকোনমি,স্বল্পমেয়াদি কাজের মাধ্যমে আয়ের সুযোগ মহিলাদের অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে সাহায্য করছে।

    এই প্রেক্ষাপটে রাষ্ট্রসংঘ সরকারগুলোকে আহ্বান জানিয়েছে, মহিলাদের জন্য সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা, ডিজিটাল দক্ষতার প্রশিক্ষণ এবং প্রযুক্তি খাতে মহিলার কর্মসংস্থান ও নেতৃত্বে অংশগ্রহণ নিশ্চিত করতে পদক্ষেপ নিতে। এতে কেবল চাকরি হারানোর ঝুঁকি কমবে না, বরং কর্মক্ষেত্রে লিঙ্গসমতা প্রতিষ্ঠাও সম্ভব হবে।