
ইরানের হরমুজ দ্বীপে বিস্ময়কর দৃশ্য দেখা গেছে। সেই দৃশ্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উপকূলজুড়ে ভারি বৃষ্টির ফলে পাহাড়ি ঢাল বেয়ে লালচে জল নেমে এসে সাগরে মিশছে এবং সমুদ্রের জলকেও গাঢ় লাল রঙে রূপান্তরিত করছে। যা দেখে মনে হচ্ছে রক্তের স্রোত বা রক্ত বৃষ্টি।এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরানের হরমুজ দ্বীপে জলের লাল রং ধারণের কারণ সম্পূর্ণ প্রাকৃতিক। দ্বীপটির লৌহ অক্সাইডসমৃদ্ধ লাল মাটি, স্থানীয়ভাবে,গোলাক নামে পরিচিত, ভারি বৃষ্টির জলের সঙ্গে মিশে উপকূলীয় এলাকায় প্রবাহিত হয়।এই মাটির স্রোত আশপাশের যেকোনো জলকে গাঢ় লাল বা খয়েরি রঙে পরিণত করে। উল্লেখ্য ভূতাত্ত্বিকভাবে হরমুজ দ্বীপটি রঙিন খনিজ মাটির জন্য বিখ্যাত, যার কারণে এটি,রেইনবো আইল্যান্ড নামেও পরিচিত।বিশেষজ্ঞদের মতে, হরমুজ দ্বীপের অনন্য রাসায়নিক গঠন তৈরি হয়েছে কয়েক মিলিয়ন বছর ধরে।
এখানে শেল, কাদামাটি, আগ্নেয় শিলা এবং ৭০টিরও বেশি খনিজের স্তর রয়েছে। দ্বীপের প্রধান লাল রঙের উৎস হলো,লৌহ অক্সাইড বা হেমাটাইট, যা আগ্নেয় জমা শিলা থেকে সৃষ্টি হয়েছে।









