
আগামী দু’ বছর ইউক্রেনের সামরিক ও অর্থনৈতিক চাহিদা মেটাতে ১০৫ বিলিয়ন মার্কিন ডলার সুদমুক্ত ঋণ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তথ্যটি নিশ্চিত করেছেন ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা।
জানা গেছে, ইইউ নেতারা রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার না করে পুঁজিবাজার থেকে ঋণ নিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় মেটানোর সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে কস্তা বলেছেন,একটি চুক্তি হয়েছে। ২০২৬-২৭ সালের জন্য ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো বা ১০৫ দশমিক ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। তবে কস্তা অর্থায়নের উৎস সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলেননি। এর আগে গভীর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর ইইউ নেতারা এই সমঝোতায় পৌঁছান। জানা গেছে পুঁজিবাজার থেকে ঋণের মাধ্যমে ইউক্রেনকে অর্থের জোগান দেওয়া হবে।এটি ইইউ বাজেটের বিপরীতে সুরক্ষিত থাকবে।এর ফলে ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় সহায়তার জন্য বাজেয়াপ্ত করা রুশ সম্পদ ব্যবহারের বিতর্কিত পরিকল্পনা থেকে আপাতত সরে এল ইইউ।
একইসঙ্গে ইইউ সরকারগুলো ও ইউরোপীয় পার্লামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদের ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ঋণ কাঠামো গঠনের বিষয়ে আলোচনা চালিয়ে যাবে।নথি অনুযায়ী, যৌথভাবে নেওয়া এই ঋণ ইউক্রেন তখনই পরিশোধ করবে,যখন মস্কোর কাছ থেকে যুদ্ধ ক্ষতিপূরণ পাবে।









