
নোবেলজয়ী মার্কিন সংগীতকার বব ডিলান,ব্রিটেনে,রাফ অ্যান্ড রাউডি ওয়েজ ট্যুরের ঘোষণা করেছেন।নভেম্বরে লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল,এডিনবরার আশার হলসহ ৬ অডিটোরিয়ামে ১০টি কনসার্টে গাইবেন কিংবদন্তি গায়ক বব ডিলান।
১ নভেম্বর বোর্নমাউথের উইন্ডসর হলে ব্রিটেন ট্যুরের প্রথম কনসার্ট রয়েছে। ১৪ নভেম্বর রয়্যাল অ্যালবার্ট হল কনসার্টের মধ্য দিয়ে ব্রিটেন ট্যুর শেষ করবেন তিনি। উল্লেখ্য,বব ডিলানের ব্রিটেন ট্যুরের অংশীদার হিসেবে যুক্ত রয়েছে টেক ফর্ম ইয়ন্ডার।প্রতিটি শোতে শ্রোতাদের মুঠোফোন মানে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ রাখা হবে।কনসার্টে প্রবেশের সময় দর্শকের মুঠোফোন বিশেষ ব্যবস্থায় বন্ধ করবেন ইয়ন্ডারের কর্মীরা।দর্শকেরা চাইলেও নিজেরা মুঠোফোন খুলতে পারবেন না।তবে জরুরি প্রয়োজনে ইয়ন্ডারের কর্মীদের সহযোগিতায় ফোন খোলা যাবে, কিন্তু কনসার্ট অডিটোরিয়ামে ব্যবহার করা যাবে না। অডিটোরিয়ামের বাইরে নির্ধারিত এলাকায় গিয়ে ফোন ব্যবহার করা যাবে,অডিটোরিয়ামে ঢোকার আগে আবারও ফোন বন্ধ করা হবে।অন্যদিকে,২০২০ সালে প্রকাশিত রাফ অ্যান্ড রাউডি ওয়েজ অ্যালবামের নামে ২০২১ সাল থেকে ট্যুর করছেন ৮৩ বছর বয়সী সংগীতশিল্পী বব ডিলান। এই ট্যুরের অংশ হিসেবে ২০২২ সালে লন্ডন, গ্লাসগো ও অক্সফোর্ডে শো করেছেন।সেসব শোতেও মুঠোফোনের ব্যবহার নিষিদ্ধ ছিল।









