
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে গ্যাসের জোগানে টান পড়ছে। এর মধ্যেই বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ১১০ ডলার ছাপিয়ে গিয়েছে। এর জেরে রক্তাক্ত ভারতীয় শেয়ার বাজারও।
বৃহস্পতিবার শেয়ার বাজার খুলতেই ১ হাজার ৫০০ পয়েন্ট পতন হয়েছে সেনসেক্সের। পাল্লা দিয়ে নিফটি পড়েছে ৪৮৮ পয়েন্ট। অন্যদিকে একই কারণে বুধবার ডলার পিছু টাকার দাম ৯৩ কাছে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞদের বক্তব্য এর জেরে মূল্যবৃদ্ধি ৫.৫ শতাংশে পৌঁছতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধে সংকটে অর্থনীতি।
এদিকে, মার্কিন ফেড রিজার্ভ তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছে — যা মার্কিন বন্ডকে আকর্ষণীয় রেখেছে এবং ভারতীয় শেয়ার বাজারে এফআইআই-দের আরও বিক্রির হিড়িক সৃষ্টি করবে। গিফট নিফটিও নেতিবাচক সূচনার ইঙ্গিত দিয়েছে। ফিউচার্সের দর ৪৫৩ পয়েন্ট কমে ২৩ হাজার ৩২৪-এ দাঁড়িয়েছে। নিফটি রিয়েলটি, অটো, ব্যাংক, ফিনান্সিয়াল সার্ভিসেস এবং কনজিউমার ডিউরেবলস প্রত্যেকটির দর ২ শতাংশের বেশি কমেছে।







