
ভারতের প্রতি ক্রমাগত বিশ্বের আকর্ষণ বেড়েছে। রাষ্ট্রপতির বক্তব্যের উপরে রাজ্যসভায় জবাবি ভাষণে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেছেন, ভারতকে থামতে হবে না বা পিছনে ফিরে তাকাতে হবে না। ভারতের লক্ষ্য অর্জন করতে হবে। দেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। ভারতের প্রতি বিশ্বের আকর্ষণ বেড়েছে। বিশ্ব আত্মবিশ্বাসের সঙ্গে ভারতের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, দেশ দ্রুত অগ্রগতি করছে এবং কম মুদ্রাস্ফীতি সহ, এটি বিরল ঘটনা। কেন্দ্র সরকার দেশকে ভঙ্গুর পাঁচ অর্থনীতির মধ্যে একটি হিসাবে উত্তরাধিকারসূত্রে পেয়েছিল।তবে, বিজেপি সরকার ভারতকে চতুর্থ স্থানে নিয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই তৃতীয় নম্বর অর্থনীতিতে পরিণত হতে প্রস্তুত।
ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা, সাম্প্রতিক একাধিক ট্রেড ডিলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সারা দুনিয়া এখন ভারতের সঙ্গে হওয়া ট্রেড ডিলের প্রশংসা করছে। বিশ্বজুড়ে যে অস্থিরতা নিয়ে এতদিন উদ্বেগ ছিল, তা অনেকটাই কমেছে। এর ফলে ভারতের যুবসমাজের জন্য বিশ্বের বাজার খুলে গিয়েছে।









