
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে অবশেষে জীবন ও স্বাস্থ্যবিমায় মকুব করা হয়েছে জিএসটি। পণ্য পরিষেবা কর কাঠামোয় হয়েছে বদল। চাপে মাথানত করে এই সিদ্ধান্ত বলেই দাবি তৃণমূলের। জিএসটি কাঠামোয় বদলকে মানুষের জয় হিসাবেই দেখছে রাজ্যের শাসক শিবির। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, সাধারণ মানুষের জয়।
প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্ঠুর, জনবিরোধী অর্থমন্ত্রীকে সতর্ক করছিলেন। নরেন্দ্র মোদীর সরকার অবশেষে চাপের মুখে নতিস্বীকার করেছে। এই অবস্থান বদলই প্রমাণ করে কোণঠাসা হয়ে যাওয়ার পরই তারা নিজেদের বদলায়। জিএসটি বদলের ঘোষণা সামনে আসার পর ২০২৪ সালের ২ অগাস্ট পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা একটি চিঠির ছবি প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস।
যে চিঠিতে স্বাস্থ্যবিমা ও জীবন বিমায় ১৮ শতাংশ জিএসটিকে গণবিরোধী বলে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে করা এই পোস্টে কেন্দ্রীয় সরকারকে ছত্রে ছত্রে কটাক্ষ করা হয়েছে। এ ছাড়াও এই পোস্টের শেষে লেখা হয়েছে, তৃণমূল এই ধরনের জন-বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীতে লড়বে, সে পার্লামেন্ট হোক, রাস্তায় হোক বা মানুষের মধ্যে থেকেও হোক।









