
নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলে জানিয়ে দিয়েছে ইরান। আমেরিকার করা দাবি প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, তারা এমন কোনো প্রতিশ্রুতি কাউকে দেয়নি।রাষ্ট্রীয় টেলিভিশনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথাও স্থানান্তর করা হবে না।
এর মাধ্যমে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী একটি দাবি প্রত্যাখ্যান করেছে।প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইসলামিক প্রজাতন্ত্র,ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার কোনো প্রস্তাব তেহরান ‘সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান’ করেছে। এ বিষয়টিকে ইরান তাদের কৌশলগত রেড লাইন,চরম সীমা হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা,আইএইএ-র নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত মাত্রায় সমৃদ্ধ ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।









