
লোকসভা ভোটের মুখে দিকে দিকে আক্রান্ত হচ্ছে বিরোধী দল বিজেপি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের ঝেঁতলা এলাকায় বিজেপি কর্মীদের ওপর প্রাণঘাতিহামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
অভিযোগ, বুধবার রাতের অন্ধকারে লাঠি -বাঁশ এবং কপালে পিস্তল ঠেকিয়ে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের পূজালিতে বিজেপি কর্মীদের ওপর রড দিয়ে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একইভাবে দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপি নেতা-সহ তিন জনকে মারধরের অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাবড়ার রাউতাড়া পারুইপাড়া এলাকায়। আক্রান্ত হয়েছেন বিজেপির রাউতারা-পৃথীবা এলাকার কিষান মোর্চার সভাপতি রঞ্জন মণ্ডল ও তার ছেলে রোহিত মণ্ডল, এছাড়া আক্রান্ত হয়েছেন তাদেরই পরিবারের সদস্যা রেখা মণ্ডল নামে এক মহিলা। এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন তৃণমূল নেতৃত্ব।









