
নিষিদ্ধের সময়সীমা কাছাকাছি আসার সঙ্গে সঙ্গেই চীনা মালিকদের কাছ থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটক কিনতে হোয়াইট হাউসে প্রস্তাব পাঠিয়েছে অ্যামাজন।আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি রিপোর্টে লিখেছে, এ সপ্তাহে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের কাছে এক চিঠিতে অ্যাপটি কেনার প্রস্তাব পাঠিয়েছে ওয়েব জায়ান্ট,অ্যামাজন।
তবে সূত্র বলছে,আমেরিকায় টিকটকের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার কেবল কয়েকদিন আগে এ প্রস্তাব পাঠানোয় অ্যামাজনের এই বিডটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে না হোয়াইট হাউস।এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যামাজন।মার্কিন ই কমার্স কোম্পানিটির এই প্রস্তাবের খবর প্রথম প্রকাশ করেছে আমেরিকান পত্রিকা নিউ ইয়র্ক টাইমস।
খবরটি এমন এক সময়ে এল যখন আমেরিকায় নিজেদের ভাগ্য নিয়ে আশঙ্কায় রয়েছে টিকটক।টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স তাদের আমেরিকান কাজকর্ম বিক্রির জন্য যদি কোনও চুক্তিতে পৌঁছাতে না পারে তবে ৫ এপ্রিল আমেরিকায় আবারও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপটি।এদিকে, টিকটক কেনার জন্য প্রস্তাব জমা দিয়েছে মোবাইল প্রযুক্তি কোম্পানি,অ্যাপলভিনও।









